সিএমপিকে ২০ হাজার মাস্ক দিলো কানেক্ট দ্যা ডটস

News Link: https://banglanews24.com/daily-chittagong/news/bd/847313.details

চট্টগ্রাম: চ্যারিটি প্রতিষ্ঠান কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন চট্টগ্রামে কোভিড পরিস্থিতির ৩য় ঢেউয়ের প্রভাব বিস্তারের সময় মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে আবারও বিনামূল্যে মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে।  

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের জন্য ২০ হাজার সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেছে দাতব্য সংস্থাটি।

শনিবার (২০ মার্চ) সকালে সিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের কাছে ২০ হাজার সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন কানেক্ট দ্যা ডটস এর প্রতিষ্ঠাতা করপোরেট ব্যক্তিত্ব তানভীর শাহরিয়ার রিমন।  

এ সময় সিএমপির উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক এবং কানেক্ট দ্যা ডটস এর ট্রাস্টি মেম্বার আফফান বিন আনোয়ার ও হোসাইন রিফাত উপস্থিত ছিলেন।

কানেক্ট দ্যা ডটস চট্টগ্রামে কোভিড পরিস্থিতির শুরু থেকেই অক্সিজেন ব্যাংক তৈরি করে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া, স্কুলের বেতন দিতে না পারা মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য দীর্ঘ মেয়াদী বৃত্তি চালু করা, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতালে মেডিক্যাল ইকুইপমেন্ট সহায়তা প্রদান, পিপিই বিতরণ, বন্যায় ৩২টি জেলায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজসহ নানা রকম সামাজিক কাজ করে আসছে।

সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, কানেক্ট দ্যা ডটস এর কার্যক্রম প্রশংসনীয়। মানুষকে ঐক্যবদ্ধ করে কল্যাণের কাজে তারা যেভাবে এগিয়ে এসেছে, তাতে বহু মানুষ উপকৃত হচ্ছে। সিএমপি সদস্যদের জন্য মাস্ক দেওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসি/টিসি

Share With Your Community